উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ৯:৪৮ এএম

কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি বিয়ের তোরণ। বাহারি সাজসজ্জা ও আলোকসজ্জায় লাখ টাকা খরচ করে বানানো তোরণটি মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষের নজর কাড়ছে। ইতোমধ্যে তোরণটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

নান্দনিক নির্মাণশৈলী জানান দিচ্ছে এই তোরণের গল্পটা অন্যরকম। কারণ, এটি কোনো গ্রাহকের জন্য তৈরি করেননি ডেকোরেশন ব্যবসায়ী নুরুল হাকিম ওরফে ‘ডেকোরেশন নুরু’। নিজের মেয়ের বিয়ের জন্য তোরণটি তৈরি করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে বিশ্বের সর্ববৃহৎ রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কুতুপালং বাজার এলাকায় ‘রাজা ডেকোরেশন’ নামে ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় এই ব্যবসায়ী নুরুল হাকিম এবং সে কারণে স্থানীয়দের কাছে তিনি ‘ডেকোরেশন নুরু’ নামেও পরিচিত। বিয়ের তোরণ, মঞ্চ, আলোকসজ্জাসহ বিভিন্ন অনুষ্ঠানের সাজসজ্জার কাজ করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নুরুল হাকিমের মেয়ের বিয়ে। মেয়ের বিয়ের আয়োজনের অংশ হিসেবে নিজের ব্যবসার ডেকোরেশন সামগ্রী ও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোরণটি তৈরির উদ্যোগ নেন তিনি। প্রায় ১ লাখ টাকা ব্যয়ের মাধ্যমে নকশা থেকে শুরু করে কাঠামো, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ নিজেই তদারক করেছেন।

বিজ্ঞাপন

আদরের মেয়ে সাজিয়া আফ্রিন তানিয়ার বিয়ের জন্য তোরণটি তৈরি করতে নুরুল হাকিমের সময় লেগেছে টানা সাত দিন। অন্যের বিয়েতে যেসব তোরণ ও মঞ্চ তৈরি করেন, এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন নিজের মেয়ের অনুষ্ঠানে।

নুরুল হাকিম ঢাকা পোস্টকে বলেন, ডেকোরেশন আমার পেশা। প্রতিদিনই বিভিন্ন মানুষের বিয়ে ও অনুষ্ঠানের জন্য সাজসজ্জার কাজ করি, মেয়ের বিয়ে তাই চিন্তা করলাম এমন ব্যতিক্রম কিছু করি যেন সে মানুষের দোয়া পায় এবং সংসার জীবনে সুখী হয়।

নিজের মেয়ের বিয়েতে নতুন করে বড় ধরনের ডেকোরেশন সামগ্রী কেনার পরিবর্তে ব্যবসায় থাকা সামগ্রী ও নিজের দক্ষতাকেই কাজে লাগিয়েছেন নুরু। তার বক্তব্য, একজন বাবা নিজের সামর্থ্য অনুযায়ী মেয়ের বিয়ের আয়োজন করবেন—এটাই স্বাভাবিক।

মহাসড়কের পাশে হওয়ায় তোরণটি স্থানীয়দের পাশাপাশি চলাচলকারী মানুষেরও নজরে পড়ছে। অনেকে তোরণটির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন।

তবে তোরণটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসার পাশাপাশি আয়োজনের ব্যয় ও আড়ম্বর নিয়েও নানা মন্তব্য এসেছে।

এ বিষয়ে রাজপালং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, নুরুল হাকিম এলাকায় দীর্ঘদিন ধরে ডেকোরেশন ব্যবসা করছেন। নিজের ব্যবসা ও উপার্জনের অর্থ দিয়ে মেয়ের বিয়েতে আয়োজন করেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী পারিবারিক অনুষ্ঠানে অর্থ ব্যয় করায় নেতিবাচক কিছু দেখার কারণ নেই।

স্থানীয়রা বলছেন, কুতুপালং গ্রামে এত বিশালকৃতির ব্যয়বহুল তোরণ এর আগে কখনোই দেখা যায়নি।

স্কুল শিক্ষক নুরুল আমিন বলেন, নুরুল হাকিমের জন্য তোরণ বানানো নতুন কোনো কাজ নয়। বছরের পর বছর অন্যের বিয়ের জন্য তোরণ তৈরি করেছেন তিনি। এবার সেই একই কাজের জায়গায় ছিল নিজের মেয়ে। পার্থক্য শুধু এতটুকুই—এবার কাজটি পেশার পাশাপাশি পারিবারিক একটি আয়োজনের অংশ।

সাত দিনের শ্রমে তৈরি তোরণটি বিয়ের অনুষ্ঠান শেষ হলে খুলে নেওয়া হবে বলে জানান নুরুল হাকিম

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...