
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও দুই হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় (১২ মিটার গভীরতায়) অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’। অভিযানকালে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও দুই হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জেলেকে আটক করা হয়।
কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ট্রলারসহ আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত