ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১২:০১ পিএম , আপডেট: ১৫/১১/২০২৬ ১২:০২ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে। এর মধ্যে ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা জেলেদের জন্য রেখে বাকি মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেছেন ট্রলারের মালিক।

গতকাল শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০)। তিনি জানান, গতকাল দুপুরে মাছগুলো তিনি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। মাছগুলো কিনতে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সন্ধ্যায় মাছগুলো ট্রাকে ভরে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক বলেন, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। লাল কোরালগুলোর প্রতিটির ওজন ছিল এক থেকে পাঁচ কেজি এবং চাপা সুরমার ওজন এক থেকে দেড় কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে দেওয়া হয়। বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে।

ট্রলারের জেলেরা জানান, প্রথমে মাছগুলোর দাম ১২ লাখ টাকা হাঁকা হয়েছিল। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু ১০ লাখ টাকায় সেগুলো কিনে নেন। এর মধ্যে লাল কোরালগুলো ৭ লাখ ৮০ হাজার টাকা এবং চাপা সুরমাগুলো ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে রওনা দেয়। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলেন। গতকাল সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ দেখতে পান। পরে মাছগুলো নিয়ে দুপুরে শাহপরীর দ্বীপ ঘাটে ফেরেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের হোটেলগুলো ছাড়াও চট্টগ্রাম ও ঢাকার বাজারে এসব মাছের ভালো চাহিদা রয়েছে। গতকাল রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রাম পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এই মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। সেখানে প্রবাল ও পাথরের কারণে জাল ফেলা কঠিন হওয়ায় জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। সুত্র, প্রথম আলো

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...