ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৬ ৯:৩৩ এএম , আপডেট: ১৪/১১/২০২৬ ৯:৩৭ এএম

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। গত ৫ নভেম্বর থেকে ‘এমভি বার আউলিয়া’ ও ‘কর্ণফুলী এক্সপ্রেস’-এমডি টেকনাফ,সহ বেশ কিছু পর্যটকবাহী জাহাজ কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে চলাচল শুরু করেছে। তবে অন্যান্য বছরের তুলনায় জাহাজ ভাড়া অনেক বেশি হওয়ায় পর্যটকদের মধ্যে এমনিতেই কিছুটা অনীহা রয়েছে। এর মধ্যেই নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে জাহাজের টিকিট নিয়ে প্রতারণা। এজেন্ট থেকে সাব-এজেন্টদের একটি বিশাল চক্র গড়ে ওঠায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভ্রমণপিপাসুরা।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৬ জনের একটি পর্যটক দল কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের মোড়ের ‘আর এস’ নামক একটি টিকিট এজেন্টের সাব এজেন্ট ‘এফ এম ট্যুর এন্ড ট্রাভেলস’ থেকে জাহাজের মেইন ডেকের ৬টি টিকিট সংগ্রহ করে। এজেন্ট তাদের কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ২০০ টাকা হিসেবে মোট ২৫ হাজার ২০০ টাকা আদায় করে। কিন্তু পরবর্তীতে হাতে পাওয়া টিকিটে দেখা যায়, মূল ভাড়া লেখা রয়েছে ৩ হাজার ২০০ টাকা। এর মধ্যে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়ার ভাড়া ২ হাজার ২০০ টাকা এবং ফেরার ভাড়া ১ হাজার টাকা। অর্থাৎ, প্রতারণার আশ্রয় নিয়ে ওই পর্যটকদের কাছ থেকে প্রতি টিকিটে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অতিরিক্ত হাতিয়ে নেয়া হয়েছে।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি এজেন্টকে টিকিট বিক্রির জন্য আলাদা কমিশন দেওয়া হয়। ফলে নির্ধারিত মূল্যের চেয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি কোনো টাকা নেয়ার নিয়ম নেই। তবুও নিয়ম ভেঙে কৌশলে অতিরিক্ত ভাড়া আদায় করেছে এই চক্রটি।
‎
‎ভুক্তভোগী পর্যটক জিপন উদ্দিন ও ইকবাল হোসেন মঞ্জু ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা সহকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণে এসে এমন প্রতারণার শিকার হব তা ভাবিনি। নির্ধারিত ভাড়ার চেয়ে জনপ্রতি ১ হাজার টাকা বেশি নেওয়া হয়েছে। টিকিট হাতে পাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতিবাদ করলে এজেন্টের লোকজন নানা অজুহাত দেখায়। হুমকি-ধমকিও দেয়। প্রশাসনের নজরদারি না থাকায় এই চক্রটি পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছে।”
‎
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক জাহাজ কর্মকর্তা এই প্রতারণার সত্যতা নিশ্চিত করে বলেন, “এজেন্ট ও সাব-এজেন্টদের দৌরাত্ম্যে এ ধরনের সমস্যা এখন প্রায় প্রতিদিনই ঘটছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমি নিজেও কয়েকটি ঘটনার সমাধান করে দিয়েছি। একটি অসাধু চক্রের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”
‎
‎এদিকে আর এস ট্যুর এন্ড ট্রাভেলসের কর্মকর্তা রুবায়েত বলেন, যে পয়েন্ট থেকে টিকেট ক্রয় করেছে সেটা অন্য এজেন্ট, আর এস এর সিল দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে তার জানা নেই।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে এমভি বার আউলিয়ার এডমিন শফিক বলেন, “টিকিট বিক্রির জন্য আমাদের পক্ষ থেকে এজেন্টদের নির্দিষ্ট কমিশন দেওয়া হয়। এরপরেও কিছু অসাধু এজেন্ট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। আমরা বিষয়টি জেনেছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
‎
‎এই বিষয়ে জানতে চাওয়া হলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, এই বিষয়ে তারা তদন্ত করছে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...