
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উখিয়া, কক্সবাজারের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ-৩য় ব্যাচ’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবু, পিপিএম (বিকিউম)সহ ১৪ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপপরিদর্শক (এসআই) থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি, ভোটার ও সাধারণ জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক ও সংবেদনশীল আচরণ এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এ ছাড়া নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনে সমন্বয়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচনকালীন সময়ে আইনানুগভাবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা আরও সুসংহত করার পাশাপাশি নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনে প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

পাঠকের মতামত