
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া শারমিন রিয়া স্থানীয় একটি নিউজ পোর্টালে লাইভ বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু বক্তব্য প্রদানকালে এক আইনজীবীর মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। ওই মন্তব্যকে আপত্তিকর, কুরুচিপূর্ণ এবং নারীর প্রতি অসম্মান আখ্যা দিয়ে অনেকে প্রতিবাদ জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চকরিয়া ও উখিয়ার মধ্যকার সেমিফাইনাল খেলার বিরতিতে স্থানীয় ‘টেলিগ্রাম নিউজ’ নামের একটি ফেসবুকভিত্তিক নিউজ পোর্টালে লাইভে বক্তব্য দেন উখিয়ার সমর্থক এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া। ওই লাইভের কমেন্টে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভুঁইয়া নামে এক আইনজীবী মন্তব্য করেন।
মন্তব্যে তিনি লেখেন, ‘তুমি তো বেশ ভালো খেলোয়াড়। তোমার খেলা দেখার জন্য উৎসুক জনতা অনেক দিন ধরে অপেক্ষায় আছে। বেশ ভালো খেলা উপহার দেবে। মোবাইল তো আছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই মন্তব্যকে নারীর প্রতি অসম্মানজনক ও কুরুচিপূর্ণ বলে সমালোচনা করা হয়। মন্তব্যকারী আইনজীবী মোসলেম উদ্দিন ভুঁইয়া কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এবং কক্সবাজার জেলা আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য। অপরদিকে জিনিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।
মন্তব্যটি জিনিয়া শারমিন রিয়ার নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্যের স্ক্রিনশট এবং বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আপনারা বলেন কী বলব… জা..জ নাকি বে..ন্মা? নাকি অন্য কিছু বলতে হবে? মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আহা জিয়ার দল বিএনপি।’
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্নজন প্রতিক্রিয়া জানান।
আরিয়ান খান ফারাবি নামে এক যুবক তার ফেসবুক পোস্টে লেখেন, আফসোস হয় যখন মরহুমা বেগম খালেদা জিয়ার সৈনিক পরিচয় দেওয়া কেউ তার আদর্শ ও নারী সম্মানের শিক্ষা ধারণ করতে ব্যর্থ হয়। একজন শিক্ষিত মানুষ একজন আইনজীবী হয়েও কীভাবে একজন নারীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে তা সত্যিই দুঃখজনক।
তিনি লেখেন, প্রশ্ন জাগে যে অন্যের বোনকে সম্মান করতে জানে না, সে কী নিজের ঘরের স্ত্রী কিংবা নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে জানে? আজ বিষয়টি শুধু আমাদের বোন জিনিয়ার সঙ্গে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ নয়, এটি সমাজের প্রতিটি নারীদের সম্মান ও নিরাপত্তার ব্যাপারে বলা, এমন মানসিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বাজে ও অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। নারীকে সম্মান করা কোনো অনুগ্রহ নয় এটি সভ্যতা, শিক্ষা ও মানবিকতার পরিচয়।
জুলাই যোদ্ধা শাহেদুল ওয়াহিদ শাহেদ জিনিয়ার ওই পোস্টে মন্তব্য করেন, তার বিরুদ্ধে একটা ঝাড়ু মিছিল কিংবা জুতা মিছিলের ব্যবস্থা করো। সমস্ত খরচ আমি দেব এবং আমি নিজেও স্ব-শরীরে উপস্থিত থাকব উক্ত প্রতিবাদ মিছিলে।
m
সোহেল ইমরান নামে আরেকজন লেখেন, আমার চোখে এই Ziniya Sharmin Riya কারো মেয়ে, কারো বোন। আগস্টের উত্তাল আন্দোলনে আমাদের সহযোদ্ধা। আগস্ট পরবর্তী সময়ে একটি গোষ্ঠী নারী নেতৃত্বকে যখন কোণঠাসা করার জন্য তৃণমূল থেকে কাজ করছিল, তখন এই জিনিয়ারাই বেগম রোকেয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
তিনি ওই আইনজীবীকে ইঙ্গিত করে আরও লিখেন, আপনি একজন আইন পেশার লোক হয়ে এই রকম কমেন্টের তীব্র নিন্দা জানাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অগ্রগতি ও সর্বত্র অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনার-আমাদের মতো মানুষেরও উচিত জিনিয়ার মতো মেয়েদের সাহস জোগানো। তাদের মনোবল নষ্ট হয় এমন ভাষা এমন মন্তব্য কখনও কাম্য নয়।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে অ্যাডভোকেট মুসলেম উদ্দিন ভুঁইয়ার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবি নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হয়।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে জানতে কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, কী নিয়ে মন্তব্য করেছে উক্ত মন্তব্যটি আমি দেখিনি। আর একজন আইনজীবীর নিজের নিয়ম ও বিধিমালা সম্পর্কে জানা উচিত। কেউ যদি অভিযোগ দেয়, আমি সভাপতি হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সুত্র,এশিয়া পোস্ট

পাঠকের মতামত