ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১০/২০২৬ ২:২৬ পিএম

রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। বছরে চার লাখের বেশি যাত্রী পরিবহন করা এই রেলপথে পৌনে তিন বছরে ট্রেন দুর্ঘটনায় একটি হাতিসহ প্রাণ হারিয়েছেন ১০১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই মারা গেছেন অন্তত পাঁচ জন।

দুর্ঘটনার প্রায় সবগুলোই ঘটেছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ে। অথচ ১৫২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে বৈধ লেভেল ক্রসিংয়ের পাশাপাশি রয়েছে বিপুলসংখ্যক অবৈধ ক্রসিং। এসব অবৈধ লেভেল ক্রসিং দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথে বৈধ লেভেল ক্রসিং রয়েছে ৯৯টি। এর বিপরীতে অবৈধ লেভেল ক্রসিং রয়েছে ৭৭টি। এসবের মধ্যে ৫৬টি বৈধ লেভেল ক্রসিংয়েই নেই কোনও গেটম্যান। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় এসব ক্রসিংয়ে যানবাহন ও পথচারীদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করছে চালক ও পথচারীদের সতর্কতার ওপর।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে ইতোমধ্যে ২২টি অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করা হয়েছে। আরও ৩৫টি অবৈধ ক্রসিং বন্ধের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ৫৬টি বৈধ ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের প্রস্তাব রেলওয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে নতুন নির্মিত রেলপথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবলের বিপরীতে এখনো পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।

নতুন রেলপথে নিরাপত্তার ঘাটতি

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে এ রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে। ঢাকা-কক্সবাজার রুটে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস চলাচল করছে। আগামী মাসে এ রুটে ঢাকা পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেন যুক্ত হওয়ার কথা রয়েছে। ফলে ট্রেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লেভেল ক্রসিংগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৫২ কিলোমিটার। এর মধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত পুরোনো রেললাইন ৪৭ কিলোমিটার এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন প্রায় ১০১ কিলোমিটার।

রেলওয়ের হিসাবে, চট্টগ্রাম-দোহাজারী অংশে বৈধ লেভেল ক্রসিং রয়েছে ২৭টি। এর বিপরীতে অবৈধ ক্রসিং রয়েছে ৪৭টি। দোহাজারী-কক্সবাজার অংশে বৈধ ক্রসিং রয়েছে ৭২টি এবং অবৈধ ক্রসিং ৩০টি।

নিরাপত্তার সবচেয়ে বড় ঘাটতি দেখা দিয়েছে দোহাজারী-কক্সবাজার অংশে। নতুন নির্মিত এই অংশে থাকা ৭২টি বৈধ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতেই নেই গেটম্যান। এসব ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন বা পথচারীদের প্রবেশ ঠেকানোর মতো কোনও প্রতিবন্ধকতা বা ব্যারিয়ারও নেই। ফলে দ্রুতগতির ট্রেন চলাচলের এই রেলপথে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

পৌনে তিন বছরে ১০১ প্রাণহানি

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানান, দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে পৌনে তিন বছরে ১০১ জন মারা গেছেন। ট্রেনের ধাক্কায় ২০২৪ সালের অক্টোবরে একটি হাতিও মারা যায়। এর মধ্যে ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জন মারা গেছেন

ওসি আরও জানান, ২০২৪ সাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে থানা এলাকায় ১৯১ জন ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। এর মধ্যে ২০২৪ সালে ৫৭ জন, ২০২৫ সালে ৮১ জন এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ জন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

সেপ্টেম্বরেই পাঁচ প্রাণহানি

চলতি বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়। যাত্রীদের কেউ হতাহত না হলেও কয়েক ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায়।

এর আগের দিন ২০ সেপ্টেম্বর সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার বিওসি মোড়ের কাটগড়-আলমগীর সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন সাতকানিয়ার মাইঙ্গ্যাপাড়া গ্রামের মৃত হাজি মোহাম্মদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের (৪৬) এবং উত্তর ধর্মপুর মুহুরীপাড়ার মৃত সাহেব মিয়া সওদাগরের ছেলে আবদুল শুক্কুর (৪৪)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নিরাপদ রেল পারাপার ও গেটম্যান নিয়োগের দাবিতে রেললাইন অবরোধ করেন। একপর্যায়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কের ওপর থাকা রেলক্রসিংটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।

১১ সেপ্টেম্বর রাতে ষোলশহর এলাকায় ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু নামে এক ব্যক্তি নিহত হন। একই ঘটনায় আহত ১০ বছরের শিশু রাহাত পরে হাসপাতালে মারা যায়।

সর্বশেষ ২৬ সেপ্টেম্বর নগরের ষোলশহর এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী আব্দুর রহিম নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।

এ ছাড়া চলতি বছরের ৩ জুন সাতকানিয়ার ঢেমশা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার নামে এক বৃদ্ধা মারা যান। ৯ জুন লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় ট্রেনের ধাক্কায় টিপু নামে এক তরুণ নিহত হন। ১৩ জুন বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বড়ুয়াপাড়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। ২৭ জুন পটিয়ার শ্রীমাই এলাকায় ট্রেনে কাটা পড়ে নুর নাহার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়

আগস্টেও ধারাবাহিক প্রাণহানি

আগস্টেও ধারাবাহিকভাবে প্রাণহানির ঘটনা ঘটে। ৮ আগস্ট চকরিয়ার হারবাং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। ২৯ আগস্ট লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শাহাব উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়। ৩০ আগস্ট বোয়ালখালীতে সৈকত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে পম্পী বড়ুয়া নামে এক নারীর মৃত্যু হয়। পরদিন ৩১ আগস্ট রামুর সিকদারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ নামে এক যুবক নিহত হন।

সচেতনতার অভাবেই দুর্ঘটনা

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সংস্থা এবং লোকজনের চলাচলের জন্য রেললাইনের ওপর দিয়ে অবৈধ পথ তৈরি করছে। এসব পথে চলাচলের ক্ষেত্রে লোকজনকে সতর্ক থাকতে হবে। সচেতনতার অভাবেই মূলত এসব দুর্ঘটনা ঘটছে।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) তহুরা জান্নাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধিকাংশ লেভেল ক্রসিং অবৈধ। লোকজন নিজেদের সুবিধার জন্য এসব লেভেল ক্রসিং তৈরি করছেন। এখানে ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেলে আবার লোকজনই ব্যারিকেড দিয়ে বলছেন, রেলওয়ে কেন এখানে গার্ড দিচ্ছে না।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...
সারের জন্য দীর্ঘ লাইন

উখিয়ায় ইউরিয়া সারের জন্য দীর্ঘ লাইন, পাচারের অভিযোগে চরম সংকটে কৃষক

​কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় সরকারি সারের তীব্র কৃত্রিম সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে সকাল ...

আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ...

সেন্টমার্টিনে পর্যটন বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত এবং রাত্রিযাপনের ক্ষেত্রে জারি করা বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে সরকার। স্থানীয় ...