এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ২:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে ভারত ও মিয়ানমারের সীমান্ত এবং সাগরপথ ব্যবহার করে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে শুধু উখিয়ার বিভিন্ন শিবিরে ১১৮ জন নতুন রোহিঙ্গা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

নতুন করে আসা এসব রোহিঙ্গার একটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এবং অন্যরা ভারতের বিভিন্ন এলাকা থেকে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে উখিয়ার শিবিরে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, আরাকান আর্মি তাদের জোরপূর্বক নিজেদের দলে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়ায় প্রাণভয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছেন।

সীমান্ত পেরিয়ে শিবিরের বিভিন্ন ব্লকে আশ্রয়

জানা যায় , গত ১১ নভেম্বর রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং টাউনশিপ থেকে একটি পরিবারের ছয় সদস্য নাইক্ষ্যংছড়ির বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আশ্রয় নেন। এই পরিবারের সদস্যরা হলেন—আমির হোসেন (৪৮), নুর হোসেন (১৭), ইমাম হোসেন (১৪), জাহিদ হোসেন (১২), দীনি ইসলাম (৮) এবং নুর আয়েশা (৪)।

অন্যদিকে, গত শনিবার সকালে ভারত থেকে আরও একটি পরিবারের সাত সদস্য সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তাদের উখিয়ার কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের সি-৫ ব্লকে এক স্থানীয় বাংলাদেশির বাড়িতে রাখা হয়। এই পরিবারের সদস্যরা হলেন—শাহ আলম (৪০), জামালিদা (৩৯), এবং তাদের পাঁচ সন্তান মো. রমিজ (১৭), ইয়াসিন আরফাত (১৪), মো. এরশাদ (১১), নূর ফাতেমা (৮) ও মো. রেদোয়ান (৪)।

কুতুপালং ওয়ান ইস্ট ও ওয়ান ওয়েস্ট আশ্রয়শিবিরের শিবির ইনচার্জ (সিআইসি) উপসচিব মিনহাজুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে ওয়ান ইস্ট আশ্রয়শিবিরে নতুন করে ৫০ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন, যার মধ্যে ৪৫ জনই ভারত সীমান্ত দিয়ে এসেছেন। তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ভারতের জম্মু-কাশ্মীরে ছিলেন। সেখানকার প্রশাসন বসতবাড়ি উচ্ছেদ করার পর তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং দালালদের মাধ্যমে উখিয়ায় চলে আসেন। তাদের অনেকের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধন কার্ড রয়েছে।

এছাড়া গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর—এই তিন দিনে মিয়ানমার থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা অবৈধভাবে এসে কুতুপালং ওয়ান ইস্ট আশ্রয়শিবিরের বিভিন্ন শেডে অবস্থান নিয়েছেন। তারা সবাই বুচিডং টাউনশিপের বাসিন্দা বলে জানা গেছে।

গত ৯ নভেম্বর ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা দালালদের সহায়তায় মাছ ধরার নৌকায় করে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের মধ্য থেকে ৩৮ জনকে আটক করেন।

আটককৃতদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬টি শিশু রয়েছে। বাকিরা স্থানীয় দালালদের সহায়তায় বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পড়েন।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরপথে অনুপ্রবেশের সময় আটক ৩৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

ভারত ও মিয়ানমারের স্থলসীমান্ত এবং বঙ্গোপসাগর-নাফ নদীপথ ব্যবহার করে রোহিঙ্গাদের এই ধারাবাহিক প্রবেশ দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শক্তিশালী দালালচক্রের সহায়তায় কড়া নজরদারি এড়িয়ে রোহিঙ্গারা কীভাবে সহজে আশ্রয়শিবিরে পৌঁছে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...