
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পায়ে গুলি করার পরিকল্পনার কথোপোকথনের তোলপাড় করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি রহস্যের পাশিপাশি উদ্বেগের জন্ম দিয়েছে।
অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরমান উদ্দিন বলে চিহ্নিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।
কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। এর জবাবে আরমান উদ্দিন ব্যক্তি বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।
অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের ঘনিষ্ঠজন হতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
অডিওর বিষয়ে আরমান উদ্দিন ও শাহাজহান চৌধুরীর কেন বক্তব্য নেয়া যায়নি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী এ বিষয়ে স্হানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। পুলিশ এখনো কোনো অডিও লিংক বা এ-সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য পায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য নেই।
লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়ার বিষয়ে অবগত নন বলে জানান।


পাঠকের মতামত