এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১/১১/২০২৬ ২:২৬ পিএম

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১১ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) টেকনাফের মুছনী ক্যাম্পের মৃত কামাল হোসেনের ছেলে। তিনি এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত ১০ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার সংলগ্ন জহির আহমেদ মার্কেটের সামনে অভিযান চালায়। সেখান থেকেই মো. হোসেনকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সেনা সদস্য তিতাস শেখ হত্যার ঘটনায় গত সোমবার ভোররাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এতে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি ধারা যুক্ত করা হয়েছে। পুলিশ ও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ মোট ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাথে সশস্ত্র মানব পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই অভিযানে ঘটনাস্থল থেকে পালানোর সময় মানবপাচারে জড়িত ৪ জনকে গ্রেফতার এবং আস্তানায় জিম্মি থাকা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করে যৌথ বাহিনী। এছাড়া অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

সেনা সদস্য তিতাস হত্যার ঘটনায় জড়িত বাকি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...