ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ৭:৫৪ পিএম

টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন, সাবরাং নয়াপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জেলেরা নাফ নদে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে ফেরার পথে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, “জেলেরা নিয়মিত মাছ ধরতে নদীতে যান। আজও ভোরে তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।”
আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, “আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুব গরিব মানুষ। সে মাছ ধরে যা আয় করে, তা দিয়েই আমাদের সংসার চলে। তাকে না পেলে আমরা বাঁচব কিভাবে?”
নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, “আমার নৌকায় নিয়ে তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি তার নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, “জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।”
এ ঘটনায় জেলেদের স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে সীমান্তে এমন ঘটনা আরও বাড়তে পারে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...