
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে শহরের ইউনি রিসোর্টে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া। তিনি বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গুরুত্বপূর্ণ। এ শিক্ষা শিশুদের ব্যক্তিগত, সামাজিক, মানসিক ও আচরণগত দক্ষতা বিকাশে সহায়ক হবে।
অনলাইনে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের লিড এডুকেশন প্রোগ্রাম মো. কামরুজ্জামান কামাল।
কর্মশালায় কক্সবাজার জেলার ১০টি উপজেলারই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন। গাইডলাইন উপস্থাপন, অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ এবং বাস্তবায়নের জন্য অনুমোদন গ্রহণ ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। আলোচনা শেষে এলএসবিই গাইডলাইনটি বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামু এডিপির ম্যানেজার ডায়মন্ড জোসেফ গাগরা সংস্থার মিশন, ভিশন ও কার্যক্রম তুলে ধরেন। পরে সংস্থাটির টেকনিক্যাল স্পেশালিস্ট (এডুকেশন) তাপতী রাণী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নের জন্য প্রণীত গাইডলাইনের উদ্দেশ্য, কাঠামো ও প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন।
কর্মশালায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত