
কক্সবাজারের মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় একই পরিবারের দুই সহোদর ভাইয়ের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর বাড়িতে পৌঁছালে মেজ ভাই মুজিবুর রহমান গভীর মানসিক আঘাত পান এবং হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন।
পরে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা যখন তার মৃত্যুতে শোকাহত, ঠিক কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাই মিজানুর রহমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় শোকের মাতম বিরাজ করছে।


পাঠকের মতামত