ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৯/২০২৬ ৯:১৮ এএম

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ঠিক এই দিনই বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বাজারে দামের ওপর চাপ তৈরি হয়েছে। সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবর সরবরাহের দাম কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৬ ডলারে।

লিটার কত টাকা
এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। আর বর্তমান বাজারমূল্য অনুসারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ১২৩ টাকা।

এই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা। অর্থাৎ প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৯ টাকা।

অন্যদিকে, ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলার প্রায় ১২ হাজার ১১০ টাকা। সে হিসাবে প্রতি লিটারের দাম প্রায় ৭৬ টাকা।

উল্লেখ্য যে, এগুলো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আনুমানিক লিটারপ্রতি দাম। বাংলাদেশের পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম এভাবে সরাসরি নির্ধারিত হয় না। পরিশোধন, পরিবহন, কর, শুল্ক ও অন্যান্য খরচ যোগ হওয়ার পর খুচরা বাজারের দাম নির্ধারিত হয়।

তেলের সরবরাহে নজর
জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে বলেছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।

গত ১০ দিনে গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

তবে সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে নতুন করে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতিও গুরুত্বপূর্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগির এ বিষয়ে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে।

তেলের বাজারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা তাই সতর্ক অবস্থানে রয়েছেন।

স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিনের মতে, তেলের দাম নির্ভর করবে রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর।

তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলে অথবা জাহাজ চলাচলে আবারও সমস্যা তৈরি হলে তেলের সরবরাহ কমতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

সূত্র: সিএনবিসি

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...