
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের একটি মিছিলে ১১ বছর বয়সী এক শিশুর চালানো পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত আটজন ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির মুকদাহান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শিশুটি পরিবারের অনুমতি ছাড়াই বাবা-মায়ের পিকআপ ভ্যান নিয়ে বের হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর উঠে যায়।
স্থানীয় প্রশাসন জানায়, মোট ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু একটি ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নিয়ে মুকদাহান প্রদেশ থেকে প্রতিবেশী উবোন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের এক পাশে এক সারিতে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
মুকদাহান প্রাদেশিক পুলিশপ্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুতসা বলেন, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বয়স কম হওয়ায় শিশু সুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হবে। কীভাবে সে গাড়ির নিয়ন্ত্রণে এলো এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী—তা তদন্ত করে দেখা হচ্ছে।
মুকদাহানের গভর্নর ওরায়ান বুননারাত এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এটি সড়ক নিরাপত্তা বিষয়ে সবার জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের যানবাহনে প্রবেশাধিকার রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।
সূত্র: রয়টার্স


পাঠকের মতামত