
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে জ্বালানী কাঠ সংগ্রহরত অবস্থায় ২৬ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বন বিভাগ।
সোমবার দিনব্যাপী বন বিভাগ-এর উখিয়া রেঞ্জের আওতাধীন সদর, দোছরি ও থাইংখালী বিট এলাকায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
বন বিভাগের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে জ্বালানী কাঠ সংগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বনাঞ্চলে গাছ কাটা ও ডালপালা সংগ্রহের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান জোরদার করা হয়েছে।অভিযান চলাকালে বনাঞ্চলের ভেতর থেকে জ্বালানী কাঠ সংগ্রহরত অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:: গ্যাস সংকটে রোহিঙ্গারা বনে, উজাড়ের ঝুঁকিতে বনাঞ্চল
আটককৃতদের পরবর্তীতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-এর দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বনাঞ্চল ধ্বংস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বন উজাড় রোধে রোহিঙ্গা ক্যাম্পে সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানীর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে তারা মত দেন।
উখিয়া রেঞ্জের কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, বনাঞ্চল রক্ষায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্যাম্প কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

পাঠকের মতামত