
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর আগ্রহ এখনো বজায় রেখেছে বার্সেলোনা। ক্লাবটির সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, আলভারেজকে নিয়ে দেওয়া প্রস্তাব প্রত্যাহার করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, কোনো বড় ক্লাবের পক্ষেই ক্লাব ছাড়তে ইচ্ছুক একজন খেলোয়াড়কে জোর করে ধরে রাখা সম্ভব নয়।
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেন লাপোর্তা।
তিনি জানান, বার্সেলোনার কোচ আলভারেজকে দলে চান এবং সে কারণেই অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।
‘আমাদের একটি প্রস্তাব রয়েছে। আমাদের কোচ তাকে দলে নিতে চান, আর সে কারণেই আমরা অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রস্তাব দিয়েছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি, এটি একটি ভালো প্রস্তাব,’ বলেন লাপোর্তা।
সম্প্রতি অ্যাতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন আলভারেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে লাপোর্তা সরাসরি বিতর্কে না গিয়ে বলেন, ‘আমি মিগেল অ্যাঞ্জেলের মতামতসহ সবার মতামতকে সম্মান করি।’
তবে এরপরই বার্সেলোনার অবস্থান আরও স্পষ্ট করেন তিনি। লাপোর্তা বলেন, অতীতেও অনেক খেলোয়াড়কে নিয়ে বলা হয়েছিল তারা কখনো বার্সেলোনায় যোগ দেবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেই দলবদল হয়েছে।
তিনি আরও বলেন, ‘যখন কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চায়, তখন আমাদের নীতি হলো বিষয়টি সহজ করে দেওয়া। একটি বড় ক্লাবের পক্ষে অসন্তুষ্ট কোনো খেলোয়াড়কে দলে ধরে রাখা সম্ভব নয়।’
আলভারেজকে নিয়ে দেওয়া প্রস্তাব অনির্দিষ্টকাল খোলা থাকবে না বলেও জানান বার্সা সভাপতি। তাঁর ভাষ্য, অ্যাতলেতিকো মাদ্রিদকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তিসংগত সময় দেওয়া হবে, যা চলতি মাসের শেষ পর্যন্ত হতে পারে।
লাপোর্তার মতে, এমন বড় দলবদলের ক্ষেত্রে শুধু আর্থিক বিষয় নয়, খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘এখন বিষয়টি শুধু প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি উভয় পক্ষের জন্য ভালো একটি সমাধান তৈরি হয়, তাহলে সেই সুযোগ কাজে লাগাতে হবে,’ বলেন তিনি।
বিশ্বকাপ ফাইনালের আগে লাপোর্তার এই মন্তব্যে হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে বিশ্বকাপ শেষে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের আলোচনার অগ্রগতির দিকে।


পাঠকের মতামত