
দেশি মুরগি বিতরণের কথা থাকলেও সোনালি মুরগি বিতরণের ঘটনায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজারের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের টেকনিক্যাল অফিসার-লাইভস্টক ইমাম মোহাম্মদ আবু হেনাকে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়।
রোববার সকালে মুক্তি কক্সবাজারের উদ্যোগে রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম পাড়ার দুই শতাধিক পরিবারের মধ্যে প্রশিক্ষণ শেষে মুরগি ও ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫টি করে মুরগি দেওয়ার কথা ছিল। তবে সেখানে দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি বিতরণ করা হয়। বিষয়টি নজরে আসার পর বিতরণ করা সোনালি মুরগি ফেরত নেওয়া হয়।
সংস্থার এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর সুজিত কুমার ভৌমিক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় মুরগি সরবরাহের ক্ষেত্রে সঠিক ক্যাটাগরি চিহ্নিত না করার কারণে মিশ্র প্রজাতির মুরগি সরবরাহ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিষয়টিকে সংস্থার এইচআর পলিসি, কোড অব কন্ডাক্ট ও মূল মূল্যবোধের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইমাম মোহাম্মদ আবু হেনাকে রামু প্রজেক্ট অফিসে সংযুক্ত রাখা হবে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় তাকে পূর্ণ সহযোগিতা করতে বলা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র বলেন, ‘মুক্তি কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সকালে দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি দেওয়ার বিষয়টি ধরা পড়ার পর সেগুলো ফেরত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত