
কক্সবাজারের টেকনাফে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে হারুনকে দায়ী করেছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নাম্বর ওয়ার্ড হামজারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাম্বু পাড়া আবুল কাসেমের দুই ছেলে হারুন ও নুর মোহাম্মদ ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে এগিয়ে গেলে হারুন তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন আবুল কাসেম।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের অপর ছেলে নুর মোহাম্মদ বলেন, আমার ভাইয়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বাবা ছুরিকাঘাতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, জাম্বু পাড়া দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটির জেরে একপর্যায়ে হারুন তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আবুল কাসেম ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত