
জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় মহাসচিবের সঙ্গে এ বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদান নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তাও গুরুত্ব পায়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের মূল কারণ মিয়ানমারে হওয়ায় এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক উদ্যোগ ও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা বৈঠকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর বাড়তে থাকা প্রভাব এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের অব্যাহত ভূমিকার বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত