স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে

উখিয়ার পাগলির বিলে গৃহবধূকে হত্যার অভিযোগ

উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ২:৪৭ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পাগলির বিল এলাকায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যার অভিযোগে নিহতের স্বামী ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারভিন আক্তার বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী মো. আব্দুল আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করলে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুর ও আনোয়ারা বেগমের মেয়ে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী মো. আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়া থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...