
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসানো অস্থায়ী গরুর বাজারকে কেন্দ্র করে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত “চাঁদাবাজির প্রতিবাদ করে পদ হারালেন যুবদল নেতা” শীর্ষক সংবাদকে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কক্সবাজার জেলা যুবদল।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও ব্যাখ্যা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ মোহাম্মদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানও বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পের সম্মুখবর্তী এলাকায় দুটি পৃথক গরুর বাজার বসানো হয়েছিল। এর মধ্যে একটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অংশে এবং অন্যটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অংশে অবস্থিত ছিল।
নাইক্ষ্যংছড়ি অংশের বাজারটি পরিচালনা করেন স্থানীয় ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার সঙ্গে ছিলেন পালংখালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বহিষ্কৃত নেতা ওসমান সরওয়ার।
অন্যদিকে উখিয়া অংশের বাজারটি পরিচালনা করেন ওসমান সরওয়ারের ভাই আনোয়ার সিকদার, যিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
দুটি বাজার মুখোমুখি অবস্থানে থাকায় একপর্যায়ে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উখিয়া উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতাদের অবহিত করলে তারা তাৎক্ষণিকভাবে উখিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। পরে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে অফিসার ইনচার্জের অনুরোধে উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করেন।
তবে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বহিষ্কৃত নেতা ওসমান সরওয়ার ঘটনাস্থল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাইক ব্যবহার করে প্রচার চালান যে উপজেলা যুবদলের নেতাকর্মীরা চাঁদাবাজির উদ্দেশ্যে সেখানে গিয়েছেন। জেলা যুবদলের দাবি, এ ধরনের বক্তব্য ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় সচেতন ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওসমান সরওয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা যুবদল আরও দাবি করে, কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে উখিয়া উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বরং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে অবহিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
একই সঙ্গে সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি উত্থাপিত অভিযোগসমূহের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়


পাঠকের মতামত