
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের টেকপাড়া এলাকার বাসিন্দা (নাম গৌপন রাখাহল) (১৯) গত ৩ মে রাত আনুমানিক ৯টার দিকে নদীর ঘাট এলাকায় গেলে পূর্বপরিচিত কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে আদালতের পরামর্শে ভুক্তভোগী মামলা দায়ের করেন।
মামলায় উখিয়ার টেকপাড়া এলাকার সাহাব উদ্দিন, মোরশেদ আলী ও আবু তাহেরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ রয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অভিযোগ গ্রহণ করে কক্সবাজার ডিবিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগকারী আমার আত্মীয়। পারিবারিক কিছু বিষয়কে কেন্দ্র করে তিনি আদালতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।”


পাঠকের মতামত