আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০/০৪/২০২৬ ৭:৫৬ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। অবকাঠামো ধ্বংস, সামরিক স্থাপনা, সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র এই তালিকায় রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা এবং সামরিক কর্মকর্তা হারিয়েছে তেহরান। সবচেয়ে ভয়াবহ ক্ষতির মধ্যে রয়েছে দুই শতাধিক স্কুল শিক্ষার্থীর প্রাণহানি। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। প্রথমে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বৈশ্বিক চাপের মুখে হত্যার দায় স্বীকার করে নিতে বাধ্য হয় ওয়াশিংটন। জানায়, এই হামলা ‘ভুলবশত’।

এদিকে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর তুলনামূলক কৌশলগতভাবে নাস্তানাবুদ হয়েছে যুক্তরাষ্ট্র। অনেকের মতে, কয়েক দশক ধরে নিষেধাজ্ঞায় থাকা ইরানের কাছে কার্যত পরাজয় বরণ করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা। কারণ ওয়াশিংটন তেহরানের ওপর যেভাবে বল প্রয়োগ করার চেষ্টা করেছে, তা হিতে বিপরীত হয়ে ফিরে এসেছে। তারা ট্রাম্পের ‘প্রস্তাবিত যুদ্ধবিরতিতে’ সাড়া না দিয়ে উলটো হরমুজ প্রণালি অবরোধ করেছে। ফলে এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়তে দেরি হয়নি।

বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির শঙ্কা প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে যুক্তরাষ্ট্রের খরচের খাতা। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরানে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিদিন প্রায় ৮৯০ মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। প্রতি ঘণ্টা প্রায় ৩৭ দশমিক ৮ মিলিয়ন ডলার, আর প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে ১০ হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৬৪ হাজার ৯৬৩ টাকা)। এসব তথ্য জানিয়েছে গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং।

স্টকহোম-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানযুদ্ধে প্রতি সেকেন্ডে ১০ হাজার ৩০০ ডলার খরচ করছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পেছনেই সবচেয়ে বেশি খরচ হয়। দৈনিক ব্যয় প্রায় ৩২০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৯২৯ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা), অর্থাৎ ৩৬ শতাংশ।

বিমান কার্যক্রমের জন্য দৈনিক আনুমানিক ২৪৫ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৮ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা) ব্যয় হয়, যা মোট দৈনিক খরচের ২৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, নৌ কার্যক্রমে দৈনিক প্রায় ১৫৫ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৯০৩ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা) খরচ হয়।

টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স (থাড), প্যাট্রিয়ট ব্যাটারি ও এজিস বিএমডি ইন্টারসেপ্টের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিন প্রায় ৯৫ মিলিয়ন ডলার বা দৈনিক ব্যয়ের ১০ দশমিক ৭ শতাংশ খরচ হয়। গোয়েন্দা ও সাইবার কার্যক্রমে প্রতিদিন প্রায় ৪৫ মিলিয়ন ডলার এবং জনবল ও রসদ বাবদ প্রায় ৩০ মিলিয়ন ডলার খরচ হয়।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে চালানো যৌথ হামলায় প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার খুইয়েছে আমেরিকা। দৈনিক ব্যয়ের হিসাব অনুযায়ী, ৪১তম দিন পর্যন্ত আনুমানিক মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৩৬ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর মধ্যে গোলাবারুদ, বিমান অভিযান, নৌ মোতায়েন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযানের গতির সঙ্গে প্রকৃত খরচ ভিন্ন হতে পারে।

সিএসআইএসের তথ্যমতে, ইরান যুদ্ধে অতীতের তুলনায় প্রতিদিন কয়েক গুণ বেশি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ ‘অপারেশন এপিক ফিউরি’তে প্রতিদিন গড়ে ৮৯০ মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। অথচ ইরাক যুদ্ধে প্রতিদিন গড়ে ৪১০ মিলিয়ন ডলার বা আফগানিস্তান যুদ্ধে প্রতিদিন গড়ে ৩০০ মিলিয়ন ডলার খরচ করত মার্কিন সামরিক বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধে সে তুলনায় দৈনিক ভিত্তিতে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল মার্কিন সামরিক অভিযান হিসেবে চিহ্নিত করেছে।

এ পর্যন্ত ব্যয় হওয়া মোট অর্থ দিয়ে প্রায় ৪ লাখ ২৬ হাজার মার্কিন স্কুল শিক্ষকের বার্ষিক বেতন দেওয়া, প্রায় ২ লাখ ৩০০ হাজার কলেজ বৃত্তি দেওয়া করা সম্ভব। এতে করে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করে তোলা যেত বলে এই গবেষণা প্রতিষ্ঠানের দাবি। এ ছাড়াও স্বাস্থ্যখাতে এই অর্থ দিয়ে প্রতি বছর ১২ হাজার ৫০০-এর বেশি হাসপাতালের শয্যা ও ৫৫ হাজারের বেশি বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্ট স্থাপন করা যেতে পারে। এমনকি এই অর্থ দিয়ে ৭৯ হাজারের বেশি বাড়িও নির্মাণ করা সম্ভব।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer