
কক্সবাজারের উখিয়ায় অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক ফেরিওয়ালাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোছারখোলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার ব্যক্তি মোহাম্মদ ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর শুক্তাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেরিওয়ালা হিসেবে কাজ করেন।
উখিয়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল স্কুলের সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি হাইস মাইক্রোবাসে তুলে ইব্রাহিমকে অপহরণ করে। পরে তাকে রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর শফিউল্লাহ কাটা এলাকায় নিয়ে যাওয়া হয়।
অপহরণের পর ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বড় ভাই আব্দুল হালিমের ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের চাচাতো ভাই মো. শরীফ উখিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কিলো ও মোবাইল ডিউটিতে থাকা এসআই উনুমং মারমা, এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল রোববার সকাল ১০টা থেকে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা ইব্রাহিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মোছারখোলা এলাকা থেকে কোনো মুক্তিপণ ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


পাঠকের মতামত