
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম। গ্রেপ্তারের নামে সাধারণ মানুষকে হয়রানি এবং পুলিশের অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানানোর ওপরও গুরুত্বারোপ করেছেন সংগঠনের নেতারা।
রোববার বিকেল ৪টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার কুটুমবাড়ী রেস্টুরেন্টে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ফোরামের প্রথম মেয়াদের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ.এম. হোবাইব সজীব। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের দ্বিতীয় মেয়াদের সভাপতি স.ম. ইকবাল বাহার চৌধুরী।
বক্তব্য দেন কার্যকরী পরিষদের সভাপতি ইমাম খাইর, সহসভাপতি সাহাব উদ্দিন ও ওবায়দুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এম. দিদারুল করিম, দপ্তর সম্পাদক আলা উদ্দিন আলো, অর্থ সম্পাদক কফিল বিন আমির, নির্বাহী সদস্য ফারুক আহমেদ, এরফান হোছাইন, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ রাইহান উদ্দিন ও শাহরিয়া বাবু এবং পর্যবেক্ষক সদস্য ওমর ফারুক বদরীসহ অন্যরা।
সভায় সিদ্ধান্ত হয়, ফোরামের কোনো সদস্য কিংবা পেশাদার সাংবাদিক হয়রানির শিকার হলে সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে সংগঠনের কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা হয়রানি গ্রহণযোগ্য নয়। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হলে এবং পুলিশের কোনো সদস্য অন্যায় করলে তথ্যভিত্তিক লেখনীর মাধ্যমে তার জবাব দিতে হবে।
এদিকে, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফোরামের কার্যকরী সদস্য ফারুক আহমেদকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


পাঠকের মতামত