
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নগদ ১০ লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উত্তরপাড়া গ্রামের কবির আহমদ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী আহমেদ আলী ও তার দলবলের সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পরও বুধবার দুপুরে আলীর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সবাই মাদকের সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশি একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত