
গাজীপুরে ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ দ্বিতিয় দিন বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী ‘মোহলগঞ্জ এক্সপ্রেক্স’ ট্রেন। এর কিছুদূর যাওয়ার পরপরই বিকট শব্দে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে দু’একটি বগি ধানক্ষেতে ছিটকে পড়ে।
ছিলাই বিলের এখানে অবরোধ সমর্থকরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রেনের যাত্রী নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে।
তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ১১তম দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আজ বুধবার অবরোধের দ্বিতীয় দিন।
উল্লেখ্য, রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।
এরপর ৩১ অক্টোবর থেকে সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় ২ নভেম্বর। হরতাল ও অবরোধ চলাকালে সারা দেশে অ্যাম্বুলেন্সসহ বেশকিছু যাত্রীবাস ও পণ্যবাহী গাড়িতে ভাঙচুর চালায় ও আগুন দেয় অবরোধকারীরা। এরপর থেকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক-দুই দিন পরপর দলটি কখনো অবরোধ, কখনো হরতাল কর্মসূচি দিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত