উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৩:০৬ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মায়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক গণহত্যা মামলাটির রায় আগামী ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে ঘোষণা হতে চলেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মায়ানমার সামরিক বাহিনীর ভয়াবহ নৃশংসতার দায়ে রাষ্ট্র হিসেবে দেশটির আইনি জবাবদিহিতা নির্ধারণে এই রায়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের নজর এখন দ্য হেগের বিচার কক্ষের এই চূড়ান্ত রায়ের দিকে, যার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই

​২০১৭ সালের আগস্টে মায়ানমারের সামরিক বাহিনী উত্তর রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এক বর্বরোচিত অভিযান চালায়। গণহত্যা, গণধর্ষণ এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের মুখে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় লাখ লাখ মানুষ। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক এই মানবিক সংকটের প্রেক্ষাপটে ২০১৯ সালের নভেম্বরে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC)-এর সহায়তায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে আইসিজে-তে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। অভিযোগ করা হয়, মায়ানমার সামরিক বাহিনীর এই সহিংসতা জাতিসংঘ ‘গণহত্যা কনভেনশন’ (Genocide Convention, 1948)-এর প্রত্যক্ষ লঙ্ঘন। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, বরং আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্র হিসেবে মায়ানমারের সার্বিক দায়বদ্ধতা প্রমাণের একটি আইনি উদ্যোগ। ১৯৭৮ সালে এই কনভেনশনে স্বাক্ষরকারী গাম্বিয়া এর ৯ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলাটি রুজু করে, যা ভূ-রাজনৈতিকভাবে সরাসরি সংক্ষুব্ধ না হয়েও কোনো দেশের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এক বিরল ও অনন্য নজির।

​মামলার বিচারিক যাত্রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ পার হতে হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মায়ানমারকে রোহিঙ্গাদের ওপর সব ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং মামলা সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণের জন্য চার দফা অন্তর্বর্তীকালীন নির্দেশ প্রদান করে। পাশাপাশি প্রতি ছয় মাস পরপর এর বাস্তবায়ন প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালের জুলাইয়ে মায়ানমারের প্রাথমিক আপত্তি ও মামলা করার এখতিয়ার নিয়ে তোলা প্রশ্নগুলো আদালত পুরোপুরি খারিজ করে দেয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে আদালত তিন সপ্তাহব্যাপী মামলার মূল গুণাগুণের ওপর চূড়ান্ত শুনানি সম্পন্ন করে। সেখানে মিন গি, চুট পিয়িন এবং মাউং নু—এই তিনটি রোহিঙ্গা গ্রামে সামরিক বাহিনীর বর্বরোচিত আক্রমণের তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করা হয়। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশও মামলায় গাম্বিয়াকে পরোক্ষ সমর্থন জানায়।

​মামলায় দুটি মূল বিষয় নিয়ে গাম্বিয়া ও মায়ানমারের আইনি লড়াই চরম আকার ধারণ করে। গাম্বিয়া যুক্তি উপস্থাপন করে যে, আক্রমণগুলোর পদ্ধতিগত ধরণ, মাত্রা, চরম নির্মমতা এবং রোহিঙ্গা নিধনের চিত্র প্রমাণ করে যে মায়ানমার পুরো জনগোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করার ‘গণহত্যামূলক উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে। একই সাথে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমার বাহিনীর গণধর্ষণ ও চরম যৌন নির্যাতনকে তাদের গণহত্যামূলক কৌশলের একটি অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে, মায়ানমারের দাবি ছিল যে তাদের অভিযানগুলো মূলত ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (ARSA)-র সন্ত্রাসী আক্রমণের জবাবে পরিচালিত সুনির্দিষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান ছিল। গাম্বিয়া আদালতের কাছে মায়ানমারকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার আইনি বাধ্যবাধকতা চেয়েছে।

​আইসিজে-র রায় আন্তর্জাতিক আইন অনুযায়ী পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে কিছু কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। যদি মায়ানমার আদালত ঘোষিত রায় মানতে অস্বীকৃতি জানায়, তবে জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা যাবে। এই রায়ের পাশাপাশি মায়ানমার সামরিক জান্তার অপকর্মের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন এবং আর্জেন্টিনার আদালতে সার্বজনীন এখতিয়ারের নীতিতে গ্রেফতারি পরোয়ানা জারির মতো পদক্ষেপও চলমান রয়েছে। বর্তমান বিশ্বে মায়ানমার মামলাটি ছাড়াও ইউক্রেন বনাম রাশিয়া বা দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েলের মতো বেশ কয়েকটি বড় গণহত্যা মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বসনিয়া ও ক্রোয়েশিয়ার মামলাগুলোতে গণহত্যার যে আইনি সংজ্ঞা বা আইনি নজির (Precedent) তৈরি হয়েছিল, গাম্বিয়া বনাম মায়ানমার মামলার চূড়ান্ত রায় সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বজুড়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।

​এই আন্তর্জাতিক রায়ের পর বাংলাদেশের সামনেও বেশ কিছু সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। এই রায়ে মায়ানমার যদি আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়, তবে বাংলাদেশ সরাসরি আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মায়ানমারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার এক অনন্য ও শক্তিশালী আইনি অবস্থান লাভ করবে। কারণ গাম্বিয়া মামলাটি একজন ‘তৃতীয় পক্ষ’ বা সাধারণ সদস্য রাষ্ট্র হিসেবে পরিচালনা করলেও, বাংলাদেশ হলো এই নৃশংসতার প্রত্যক্ষ শিকার বা সরাসরি সংক্ষুব্ধ রাষ্ট্র (Directly Injured State)। বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া প্রায় ১০ লাখ ওপরে রোহিঙ্গাদের আশ্রয়, তাদের পেছনে ব্যয় হওয়া বিপুল রাষ্ট্রীয় সম্পদ, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ধ্বংস হওয়া বিস্তৃত বনভূমি ও সার্বিক পরিবেশগত বিপর্যয় এবং সীমান্তবর্তী জাতীয় নিরাপত্তার ঝুঁকির সুনির্দিষ্ট ক্ষতিপূরণ বা রিপরেশনের (Reparations) দাবিতে বাংলাদেশ সরাসরি আইসিজে-র শরণাপন্ন হতে পারবে। এছাড়া চলমান গাম্বিয়া বনাম মায়ানমার মামলার পরবর্তী ক্ষতিপূরণ নির্ধারণের (Reparation Phase) ধাপেও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পক্ষভুক্ত হয়ে আর্থিক ও অর্থনৈতিক ক্ষতির খতিয়ান পেশ করার আইনি সুযোগ পাবে।
​রায়ের পরবর্তী এই পরিস্থিতিতে বাংলাদেশকে কেবল ক্ষতিপূরণের আইনি লড়াইয়েই থেমে থাকলে চলবে না, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। আইসিজে-র রায়কে হাতিয়ার বানিয়ে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মায়ানমারের ওপর বহুমুখী চাপ বজায় রাখতে হবে। একই সাথে, বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের তহবিল ও রাজনৈতিক মনোযোগ টিকিয়ে রাখতে হবে। সর্বোপরি, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্থায়ী নিরাপত্তা এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক তদারকির মাধ্যমে বাস্তবায়নে কূটনৈতিক ও ভূরাজনৈতিক কৌশল জোরদার করতে হবে।

লেখক:
জিয়াউর রহমান মুকুল,
এডভোকেট,
সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।
E-mail: Zia_um87@yahoo.com

পাঠকের মতামত

​‘কারণিক ভুল’ নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কৌশল?

​সরকারি কিংবা বেসরকারি যেকোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানে নথিপত্রের “ইচ্ছাকৃত ভুল” বা “ইনটেনশনাল মিস্টেক” সাধারণ কোনো অসাবধানতা ...

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...