
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও সড়কবাতি। তবে নির্মাণের পাঁচ বছরের মধ্যেই এসব ব্যবস্থার বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে। প্রায় ৭০ কিলোমিটার কাঁটাতারের বেড়ার উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব নেই।
বিকল হয়ে পড়ে আছে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা। চুরি হয়েছে অধিকাংশ সড়কবাতি। আর জরাজীর্ণ অবস্থায় রয়েছে ৮৩টি ওয়াচ টাওয়ার।
নিরাপত্তাব্যবস্থার এমন দুর্বলতার মধ্যে ক্যাম্পগুলোতে মানবপাচার, অপহরণ, মাদক কারবার, ডাকাতি ও গোলাগুলির মতো অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুধু ক্যাম্পের বাসিন্দারাই নন, আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধীদের আস্তানা গড়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
গত ৫ নভেম্বর টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারীদের গোপন বন্দিশালায় অন্তত ১২০ জনকে আটকে রাখার তথ্য সামনে আসে।
তাদের উদ্ধারে অভিযান চালাতে গিয়ে মানবপাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ। দুর্গম পাহাড়ে অপরাধীদের এমন আস্তানা এবং ধারাবাহিক অপরাধের ঘটনা ক্যাম্পগুলোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এনেছে। ক্যাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতে একসময় চারপাশে কাঁটাতারের বেষ্টনী নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং সড়কবাতির ব্যবস্থা করা হয়েছিল।
ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের চলাচল নজরদারিতে রাখাই ছিল এসব উদ্যোগের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে বিভিন্ন ক্যাম্পে বেড়া ভেঙে গেছে কিংবা খুলে নেওয়া হয়েছে। অনেক ক্যামেরা নষ্ট, আবার অনেক স্থানে ক্যামেরার অস্তিত্বই নেই। চুরি হয়েছে সড়কবাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম।
রক্ষণাবেক্ষণ ও জনবলের অভাবে ওয়াচ টাওয়ারগুলোও প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এতে ক্যাম্পের প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি কমে গেছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাদের দাবি, নিরাপত্তার এই দুর্বলতার সুযোগে অপরাধীরা সহজেই ক্যাম্পে প্রবেশ ও বের হতে পারছে।
লেদা ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা ফাহমিদা বেগম বলেন, কাঁটাতারের বেড়া ভেঙে যাওয়ায় ওই দিক দিয়ে ডাকাত ও বন্য হাতি লোকালয়ে চলে আসে। বিশেষ করে রাতে তাদের আতঙ্কে থাকতে হয়। নিরাপত্তার জন্য বসানো সড়কবাতিগুলো চুরি হয়ে গেছে। পাহারার জন্য নির্মিত একটি টাওয়ারের চালাও খুলে নেওয়া হয়েছে।
ফলে রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে তাদের। একই ক্যাম্পের দোকানদার মো. হাবিব বলেন, ওয়াচ টাওয়ারে প্রশাসনের কোনো সদস্য দায়িত্ব পালন করেন না। অরক্ষিত অবস্থায় পড়ে থাকা টাওয়ার থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। রাতে কী ঘটছে তা বোঝার উপায় থাকে না।
সকালে এসে চুরির ঘটনা দেখতে হয়। ক্যাম্পের যুবক আবু বক্কর মনে করেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে এপিবিএনের নিয়মিত টহল ও সদস্যদের উপস্থিতি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ শনাক্ত ও নজরদারি সহজ হবে।
ক্যাম্পের বাইরে স্থানীয় জনপদেও নিরাপত্তাহীনতার প্রভাব পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। অপহরণ, গবাদিপশু চুরি ও গোলাগুলির ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপহরণের পর নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগও রয়েছে।
লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা আকবর আহাম্মদ বলেন, এলাকায় প্রায়ই ডাকাতদের আনাগোনা দেখা যায়। তারা মানুষকে অপহরণ করে নিয়ে যায় এবং গরু-ছাগল চুরি করে। অপহরণের পর মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ কারণে রাতে ঘুমাতেও ভয় লাগে।
স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন বলেন, ডাকাত ও সন্ত্রাসীদের ভয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। বিশেষ করে রাতে শান্তিতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে। আরেক বাসিন্দা কবির আহমদ জানান, এলাকায় গরু-ছাগল থাকায় সেগুলো নিয়ে বাইরে যেতে হয়। কিন্তু সব সময় আতঙ্ক কাজ করে।
অপরিচিত কাউকে দেখলেও ভয় লাগে। তার দাবি, এলাকায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তাঝুঁকির কারণে পাহাড়ে কৃষিকাজে যাওয়া কমিয়ে দিয়েছেন স্থানীয় কৃষকেরা। লেদা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পাহাড়ে গেলে অপহরণকারীদের কবলে পড়ার আশঙ্কা থাকে।
নানা কৌশলে তারা অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এ কারণে অনেক কৃষক আগের মতো পাহাড়ে যেতে সাহস পাচ্ছেন না। সচেতন মহলের মতে, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের ভেতরে ও বাইরে—দুই জায়গাতেই নজরদারি বাড়ানো প্রয়োজন। দ্রুত কাঁটাতারের বেড়া মেরামত, সিসিটিভি ক্যামেরা সচল এবং ওয়াচ টাওয়ারগুলো কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাইরের নিরাপত্তাও জোরদার করা জরুরি। আগে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে এসব ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
এতে ক্যাম্পের বাইরে অবাধ চলাচল ও অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া, ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি রোহিঙ্গাদের নির্ধারিত ক্যাম্পসীমার মধ্যে থাকা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সচেতন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পের নিরাপত্তায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো বর্তমানে নেই বললেই চলে। বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে, অনেক অংশ ভেঙে গেছে। কোনো কোনো ক্যাম্পে বেড়ার চিহ্নও নেই।
ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কিছু স্থানে সড়কবাতি থাকলেও অনেক জায়গায় সেগুলো নেই। এসব সীমাবদ্ধতার মধ্যেও এপিবিএনের সদস্যরা ক্যাম্পের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএনের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা দায়িত্বে থাকেন। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তারা কাজ করে যাচ্ছেন। কাঁটাতারের বেড়ার বিভিন্ন স্থানে কাটা ও ছেঁড়ার চিহ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বেড়া মেরামত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারে।
বেড়া মেরামত হলে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্বীকার করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, নিরাপত্তার জন্য স্থাপিত কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা শুরু থেকেই পুরোপুরি কার্যকর ছিল না।
নির্মাণের পর বিভিন্ন স্থানে বেড়া কেটে ফেলা হয়েছে। জনবল না থাকায় ওয়াচ টাওয়ারগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সিসিটিভি ক্যামেরাগুলোও বিকল রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের তুলনায় আরও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, সরকার কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার মেরামতের পাশাপাশি এপিবিএনের আরও একটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে

পাঠকের মতামত