

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় শৃঙ্খলা ফেরাতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদমান জামী চৌধুরী। সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে না।
সভাপতি সাদমান জামী চৌধুরী এক ঘোষণায় জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের তদবির, সুপারিশ, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরোধ গ্রহণ করা হবে না। নিয়মের বাইরে কাউকে বিশেষ সুবিধা দেওয়ারও কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়মনীতি বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো আপস কিংবা ব্যতিক্রমের সুযোগ রাখা হবে না।
যারা তদবির বা সুপারিশের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করতে পারেন, তাদের কাছে আগাম দুঃখ প্রকাশ করে সভাপতি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশ্নে তারা আপসহীন। নিয়ম সবার জন্য সমান, কারও জন্য কোনো ব্যতিক্রম নয়।

পাঠকের মতামত