
যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার(৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (৫৩), হাসেম আলীর ছেলে কাওছার আলী (২২), দুলু মিয়ার মেয়ে খুশি বেগম (২১), সামসুল আলমের ছেলে কাউসার (২১), সৈয়দ আহম্মদের মেয়ে কোনইস বিবি (২৭), নুরুল হকের মেয়ে দিলজান খাতুন (২৭) ও দিলজান খাতুনের ছেলে মোহাম্মদ সালমান (১৮ মাস)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত পথে পাচারকারীরা বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাঠানোর চেষ্টা করছে। এসময় বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ধাওয়া করে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত