প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১০:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি।

এ জন্য যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। সার্চ কমিটির কাছে এসব নাম জমা দিতে বলা হয়েছে ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে।

শনিবার দুপুরে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বেলা ১১টা ৫ মিনিট থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, আগামী সোমবার বিকেল ৪টায় ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটি বৈঠকে বসবে।

সার্চ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। তিনি জানান, সার্চ কমিটির কর্ম পদ্ধতি কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, নতুন নির্বাচন কমিশন গঠনে মতবিনিময় করতে ১২ বিশিষ্ট নাগরিককেও ডাকা হয়েছে।

যে ১২ জনের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি তারা হলেন- বিচারপতি মো. আবদুর রশিদ, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, প্রাক্তন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, প্রাক্তন আইজিপি নুরুল হুদা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে সার্চ কমিটি। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা দিতে হবে।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer