ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১০:০৩ এএম
ফাইল ছবি

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ ভূমিধ্বস হতে পারে।

এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার রাতের তথ্য অনুযায়ী, মিয়ানমার ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরো উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপটি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

পাঠকের মতামত

আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ...

সেন্টমার্টিনে পর্যটন বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত এবং রাত্রিযাপনের ক্ষেত্রে জারি করা বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে সরকার। স্থানীয় ...

কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ...

রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা

রামুর ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামে এক তরুনকে চট্টগ্রামে হত্যার অভিযোগ ...