
উখিয়া নিউজ ডটকম::
আগামী ৬ জুলাই উখিয়া হাই স্কুল মাঠে অনুষ্টিতব্য চাকরি মেলার প্রস্তুতি উপলক্ষে এক সভা গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।
সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জমান চৌধুরী চাকরি মেলা আয়োজনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত অবহিত করেন। এতে অন্যান্যের মধ্যে ইন্টারসেক্টর কো অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর মুখপত্র সৈকত দাশসহ উপস্থিত এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন।
আগামী শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় উখিয়া হাই স্কুল মাঠে চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এনজিও ব্যুরোর মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব কে এম আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, ইন্টারসেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি)-এর সিনিয়র কো-অর্ডিনেটর মিস নিকুল এপটিং, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
সভায় জানানো হয়, চাকরি মেলায় রোহিঙ্গা শিবিরে কর্মরত বিভিন্ন এনজিও’র ৭৩টি স্টল থাকবে। মেলায় দুই শতাধিক চাকরি প্রার্থীর চাকরি নিশ্চিত করা হবে। আগামী ৫ জুলাই বিকাল ৩টা পর্যন্ত অনলাইনে এনজিওতে চাকরির আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার।

পাঠকের মতামত