
বেলাল আজাদ, কক্সবাজার:
গত বছরের ১০ নভেম্বর উখিয়ার ইনানীর সাবেক মেম্বার শামশুল আলমের কন্যা ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের ছাত্রী শারমিন আক্তার ডালিয়া (১৬) কে অপহরণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উখিয়া থানায় দায়ের হওয়া মামলায় সকল আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আলোচিত মামলাটির জামিনের আবেদন নামঞ্জুর হওয়া আসামী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের শাহ আলম খলিফার পূত্র মোঃ ইউনুছ প্রঃ বাবু, তার সহযোগী আসামী পিতা-মাতা ও চাচাত ভাইসহ ৪জন মহামান্য হাইকোর্টের আদেশে ৬ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন পেয়েছিলেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ১৬ ফেব্রুয়ারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল নং-৩, কক্সবাজার-এ আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ও রাষ্ট্র পক্ষের পিপি’র শুনানী শেষে আদালতের অতিরিক্ত ভারপ্রাপ্ত বিচারক (জেলা জজ) জনাবা জেবুন্নেছা আয়েশা আসামীদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইতিপূর্বে ১ ফেব্রুয়ারী মামলাটির অপহৃত ভিকটিম কলেজ ছাত্রী শারমিন আক্তার ডালিয়া কে মামলার তদন্তকারী কর্মকর্তা উদ্ধার করে আদালতে সোপর্দ করিলে, আদালত ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারী পরীক্ষা শেষে সেভ হোমে রাখার প্রয়োজন বোধে কারাগারে পাঠান। রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট আকরামুল হুদা আসামীদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত