
দুদিন আগেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপে কার্লো আনচেলত্তির দলে কেমন করবেন নেইমার, সে নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই এল দুঃসংবাদ। বিশ্বকাপের ঠিক আগে আবার ইনজুরিতে পড়েছেন দলের সবচেয়ে বড় তারকা।
চোটের কারণে প্রায় তিন বছর জাতীয় দল থেকে দূরে ছিলেন নেইমার। অনেক নাটকীয়তার পর ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয় নেইমারের। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠ কাঁপাবেন এই তারকা, এমন আশাতেই বুক বেঁধেছিল তার কোটি ভক্ত।
বিশ্বকাপের ২১ দিন বাকি থাকতে আবার ইনজুরিতে পড়েছেন নেইমার। সান্তোস জানিয়েছে, কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার।
নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। তিনি জানান, নেইমারের ডান পায়ের মাংসপেশিতে দুই মিলিমিটারের একটি ‘এডিমা’ বা হালকা ফোলাভাব ধরা পড়েছে। তিনি আশা করছে, দ্রুতই পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরবেন নেইমার।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হলো, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিলের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না।
বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টার’ এ নিজের ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।


পাঠকের মতামত