
সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবন সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা প্রকৃত তথ্য, বাস্তব পরিস্থিতি ও সংশ্লিষ্ট নথিপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকাশিত সংবাদের বিভিন্ন অসংগতিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রথমেই স্পষ্ট করতে চাই, সরকারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা-সংশ্লিষ্ট যে ৯.৩৯ শতক জমি রয়েছে, বর্তমানে নির্মাণাধীন ভবনটি সেই বিরোধপূর্ণ জমির সম্পূর্ণ বাইরে অবস্থিত। নির্মাণাধীন ভবনের সঙ্গে ওই জমিসংক্রান্ত বিরোধের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, ২০০৬/২০০৮ সালে একই স্থানে ‘ওয়ান মিনিট’ নামের একটি রেস্টুরেন্ট নির্মাণ করে আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছি। দীর্ঘদিন ব্যবহারের ফলে পুরোনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেটি ভেঙে একই স্থানে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এটি নতুন কোনো জায়গা দখল করে নির্মাণকাজ নয়; বরং পূর্ব থেকে প্রতিষ্ঠিত স্থাপনার জায়গায় পুনর্নির্মাণের কার্যক্রম।
আমরা সংশ্লিষ্ট সংবাদকর্মীকে সরেজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন করে জমি ও স্থাপনার প্রকৃত অবস্থান, প্রতিষ্ঠানের মালিকানা এবং সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র ও অনুমোদন যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তিনি প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যথাযথভাবে যাচাই না করেই নিজস্ব ধারণার ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছেন বলে আমাদের প্রতীয়মান হয়েছে। এতে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, ভাবমূর্তি ও ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।
প্রতিষ্ঠানটি গত প্রায় ২০-২২ বছর ধরে এ এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এটি এলাকার অন্যতম প্রাচীন ব্যবসাপ্রতিষ্ঠান এবং পর্যটন উদ্যোক্তা হিসেবে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রেখে আসছে। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি দখল কিংবা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়নি।
আমরা মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম শর্ত হলো সংবাদ প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান সম্পর্কে যথাযথ ধারণা রাখা। বিশেষ করে জমি, মালিকানা, আদালতের নির্দেশনা ও নির্মাণসংক্রান্ত বিষয়ে অসম্পূর্ণ বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি হওয়ার পাশাপাশি এলাকার সম্ভাবনাময় পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হতে পারে।
সম্প্রতি কিছু স্থানীয় সংবাদমাধ্যম ও সংবাদকর্মীর মধ্যে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং আইনগত বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই সংবাদ প্রকাশের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আমরা দায়িত্বশীল সাংবাদিকতার বিরোধী নই; বরং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতাকে সবসময় স্বাগত জানাই। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য ও প্রকৃত তথ্যের যথাযথ প্রতিফলন প্রত্যাশা করি।
আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য ও পর্যটনশিল্পের উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব।
সুতরাং, আমাদের বিনীত অনুরোধ—
১. কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্য যাচাই করা হোক।
২. জমি ও স্থাপনা-সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিল, আদালতের আদেশ, অনুমোদন এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র যথাযথভাবে পর্যালোচনা করা হোক।
৩. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা হোক।
৪. ইতোমধ্যে প্রকাশিত সংবাদে কোনো অসত্য, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক।
আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের পক্ষে, কিন্তু যাচাইবিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে।
প্রতিবাদকারী পক্ষ
জেমস বাবু হাজারা
ব্যবস্থাপনা পরিচালক
পেভেল স্টোন সি রিসোর্ট (প্রা.) লি.
ইনানী, উখিয়া, কক্সবাজার।


পাঠকের মতামত