

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহত হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজ থেকে সদ্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শেষ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিবারের সদস্যরা নিজ কক্ষে হানিফকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় রশি প্যাঁচানো ছিল বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে হানিফকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে তার গলায় রশির দাগ পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া থানা পুলিশের একটি দল উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিল বলে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পাঠকের মতামত