
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে—সে বিষয়ে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসেবে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন ঈদ উদযাপিত হবে।
একই ধরনের পূর্বাভাস দিয়েছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।
যদিও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে, তা সাধারণভাবে দৃশ্যমান হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসব পর্যবেক্ষণ ও হিসাবের ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পাঠকের মতামত