
বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন একদল গবেষক। ২০২৪ সালে Regional Studies in Marine Science সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে কুতুপালং শিবিরের ১০টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
ফলাফলে প্রতি কেজি শুকনো মাটিতে ৬৭ থেকে ১২৬টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গড়ে এই পরিমাণ ১০৩ দশমিক ৮টি। এসব কণার ৮৩ শতাংশের আকার শূন্য দশমিক ৫ মিলিমিটারের কম। আকৃতির দিক থেকে ৬৮ শতাংশই প্লাস্টিকের ক্ষুদ্র টুকরো বা ফ্র্যাগমেন্ট।
গবেষণায় সবচেয়ে বেশি পাওয়া গেছে পলিথিন বা পিই ৫৩ শতাংশ এবং পলিপ্রোপিলিন বা পিপি ৪৬ শতাংশ। গবেষকদের বিশ্লেষণে অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বাতাসের মাধ্যমে কণা ছড়িয়ে পড়াকে দূষণের প্রধান সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। দূষণের মাত্রা মূল্যায়নে গবেষণাস্থলকে সামগ্রিকভাবে মাঝারি মাত্রায় দূষিত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। গবেষণাটির প্রধান গবেষক আওলাদ হোসেন বলছেন মাটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পরিবেশগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে এবং এ বিষয়ে আরও গবেষণা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।

পাঠকের মতামত