ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ৯:৪০ এএম

দেশের চালের বাজার নিয়ন্ত্রণ এবং দেশের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে মিয়ানমার থেকে সরকারের আমদানিকৃত ১ লক্ষ ৫ হাজার টন আতপ চাল আসা শুরু হচ্ছে। আগামী ১২ জানুয়ারি প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। প্রথম জাহাজের পরই কয়েকদিনের ব্যবধানে মোট ১০টি জাহাজে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল চট্টগ্রামে পৌঁছাবে।

সূত্র জানায়, দেশে চাল ও গমসহ প্রচুর পরিমাণ খাদ্যশস্যের মজুদ থাকলেও বাজারে অস্থিতিশীলতা রয়েছে। চালের বাজার নিয়ে সংঘবদ্ধ সিন্ডিকেট এবং ব্যবসায়ীরা নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। চালের কোনো সংকট না থাকলেও নানা অজুহাতে বাড়ানো হচ্ছে দাম। গতকালের হিসাব অনুযায়ী সরকারের গুদামে ৭ লাখ ৬৫ হাজার ৬৬২ টন চাল, ৪ লাখ ১৫ হাজার ২৩১ টন গম এবং ৭ হাজার ৫২৫ টন ধান মিলে সর্বমোট ১১ লাখ ৮৫ হাজার ৮৯৪ টন খাদ্য শস্যের মজুদ রয়েছে। এর বাইরে ধান–চালের মকাম, দোকান, মানুষের বাসাবাড়িতে প্রচুর পরিমাণ চালের মজুদ রয়েছে। খাদ্যশস্য মজুদ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং তা দেশের চাহিদা মেটাতে যথেষ্ট বলে উল্লেখ করে খাদ্য বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা বলেন, মজুদ পর্যাপ্ত হলেও রহস্যজনক কারণে চালের বাজার পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে উঠেছে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, দেশে প্রতিদিন গড়ে প্রায় ৮০ হাজার টন চালের চাহিদা রয়েছে। এই বিপুল পরিমাণ চাল দেশে উৎপাদিত হয়। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করে তারা বলেন, তবু বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার বাড়তি ধান চাল গুদামে মজুদ রাখে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দেয়ার মতো খাদ্যশস্য সরকারের কাছে সুরক্ষিত রয়েছে বলেও কর্মকর্তারা উল্লেখ করেন।

খাদ্য বিভাগ জানায়, সরকার ৫ লাখ টনের মতো চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভারত থেকে ৫০ হাজার টন ( প্লাস মাইনাস ৫ পারসেন্ট) সিদ্ধ চাল আসতে শুরু করেছে। ভারতীয় চালের প্রথম চালান ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়ে গুদামে পৌঁছে গেছে।

এবার আসতে শুরু করেছে মিয়ানমারের আতপ চাল। মিয়ানমার থেকে কেনা ১ লাখ ৫ হাজার টন চালের মধ্যে ৯০ হাজার টন চাল আসবে ৪টি মাঝারী আকৃতির জাহাজে। বাকি ১৫ হাজার টন চাল আসবে ৬টি ছোট গিয়ারলেস ভ্যাসেলে। ওই ৬টির মধ্যে এমভি এমসিএল–১৯ জাহাজটি আগামী ১২ জানুয়ারি ২ হাজার ৫০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এর দুইদিন পর আগামী ১৪ জানুয়ারি এমভি গোল্ডেন স্টার নামের জাহাজটি ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছাবে।

সরকারের আমদানিকৃত পাঁচ লাখ টন চাল আসা শুরু হওয়ায় বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলেও খাদ্য বিভাগ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...