ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১০:৫৪ পিএম

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার।

শাহজালাল বিমানবন্দরে আজ জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আগামীকাল শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হবে। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তারা একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখান থেকে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বাংলাদেশে কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা।

আন্তোনিও গুতেরেসের সফর সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজান মাসে সংহতি জানাতে বাংলাদেশে আসছেন। প্রতি বছর তিনি রমজান মাসে মুসলিম দেশগুলোতে সফর করে থাকেন। এ ছাড়া সফরে তিনি রোহিঙ্গা নিয়ে আলোচনা করবেন। সেখানে আন্তর্জাতিক সহায়তার বিষয়টি উঠে আসবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সংস্কার, নির্বাচন এবং এর সহযোগিতা নিয়ে আলোচনা হবে কিনা– জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘ বিভিন্ন সরকারের সময় বাংলাদেশিদের পাশে থেকেছে। ফলে জাতিসংঘের সহযোগিতা ও সংহতি চলমান থাকবে। কী ধরনের সহযোগিতা চাওয়া হবে এবং অগ্রাধিকার বিষয়গুলো কী, তা অন্তর্বর্তী সরকার বা আগামীতে নির্বাচিত সরকার জাতিসংঘকে জানাবে।

সম্প্রতি জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টা, জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি রোহিঙ্গা নিয়ে মাইলফলক কোনো দৃষ্টান্ত তৈরি করতে চান। হয়তো রাখাইনে দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশ করিডোর ব্যবহারের একটি ব্যবস্থা করে দিতে পারে, এটি একটি মাইলফলক হতে পারে। এ নিয়ে প্রশাসন ও সরকারের মধ্যে মতানৈক্য রয়েছে।

তিনি বলেন, বৈঠকে অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণ নিয়ে আলোচনা হবে। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সরকারের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন। এ ছাড়া মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এর পর সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন আন্তোনিও গুতেরেস। এ ছাড়া সেখানে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এদিন বিকেলে একটি যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। রোববার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...