
ইমাম খাইর::
শনিবার সকাল থেকে টানা বৃষ্টিসহ কক্সবাজারের উপকূলে দমকা হাওয়া বইছে। শহরের এন্ডারসন রোড, নূর পাড়া, বাজারঘাটা, বার্মিজ মার্কেট, রুমালিয়ারছড়াসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনের ময়লা আবর্জনাযুক্ত পানি সড়কে চলাচল করছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পথ চলা। সকাল বেলায় জলাবদ্ধতার কারণে অনেক জায়গায় আটকে পড়ে যানবাহন। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
টেকনাফের লেদা মোচনি এলাকা থেকে মোহাম্মদ ইউছুফ মনো নামের এক ব্যক্তি মুটোফোনে সিবিএনকে জানিয়েছেন, শনিবার ভোরে প্রবল বৃষ্টি আর দমকা হাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কের মোচনীর দক্ষিণ পার্শ্বের বড় একটি শিশু গাছ প্রধান সড়কের উপরে পড়ে যায়। তাতে স্থানীয় ও দূর পাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সড়ক ও জনপদ বিভাগের লোকজন গাছটি সরিয়ে নেয়। দুপুর ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী দমকা হাওয়ায় বড় গাছ পড়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করেন।
এই ব্যাপারে সওজের স্টক ইয়ার্ডে কর্মরত জামাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় সওজের কর্মীরা গাছটি অপসারণ করে যান চলাচলের ব্যবস্থা করে।
বিলম্বে হলেও কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট নিরসন হওয়ায় ভুক্তভোগী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এর আগে অসংখ্য যানবাহন উভয় পাশে আটকা পড়ে।

পাঠকের মতামত