
উখিয়া নিউজ ডেস্ক:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উখিয়া সদরের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি চ্যালেঞ্জ নিয়ে উখিয়া-টেকনাফকে মাদক মুক্ত করতে মাঠে নেমেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের তৃণমূলের বিশেষ বর্ধিত সভায় চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র বক্তা হিসাবে বক্তব্য দেয়ার পর থেকে তাকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এছাড়া বর্তমান সাংসদ আবদুর রহমান বদির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের একটি অংশ তাকে পক্ষে কাজ করছেন। বর্তমান সাংসদ আবদুর রহমান বদি সম্পর্কে আপন দুলা ভাই হলেও ছাড় দিতে নারাজ শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরী। জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া সদর ইউনিয়নের পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি স্কুল কলেজ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এছাড়া উখিয়া-টেকনাফে অর্ধশতাধিক সামাজিক সংগঠনে পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের পূর্ণ সমর্থন তার প্রতি রয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, ‘জাহাঙ্গীর কবির চৌধুরীকে মনোনয়ন দেয়া হলে টেকনাফ আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে তার পক্ষে কাজ করবে। তিনি আরো বলেন, এমপি বদির কারণে দেশব্যাপী দলের যে ইমেজ ক্ষুন্ন হয়েছে তা পুনরুদ্ধারে যাকেই নমিনেশন দেয়া হোক, আমরা তার পক্ষে কাজ করবো।’
এদিকে জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তরুণ প্রজন্মের ভোটাররা। বিশেষ করে ছাত্র ও যুবসমাজের কাছে জাহাঙ্গীর কবির চৌধুরী বেশ জনপ্রিয় ।
জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘শিক্ষায় পিছিয়ে থাকা উখিয়া-টেকনাফ এলাকায় শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মাদকের বদনাম গোছাতে নেতাকর্মীদের চাপে প্রার্থী হয়ে মাঠে আছি। এমপি নির্বাচিত হলে শিক্ষা বিস্তার, মাদক নির্মূলের পাশাপাশি উখিয়া-টেকনাফের পর্যটন স্পটগুলোকে পর্যটকবান্ধব পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
সুত্র-মানবজমিন

পাঠকের মতামত