

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে বনবিভাগ। সংবাদ প্রকাশের পরদিনই মাছকারিয়া বিলে বড় ধরনের অভিযান চালিয়ে পাখি শিকারের বিশাল আয়োজন ধ্বংস করা হয়েছে। অভিযানে প্রায় ৩ হাজার মিটার শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আটটি জীবিত বক।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ১৫ নভেম্বর উখিয়া নিউজ ডটকমে ‘শিকারির ফাঁদে অতিথি পাখি, বিক্রি হচ্ছে হাটবাজারে’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উখিয়ার বিভিন্ন বিল ও জলাশয়ে অতিথি পাখি শিকার, কৃত্রিম বক দিয়ে পাখি আকৃষ্ট করে ফাঁদে আটকানো এবং কুতুপালং, থাইংখালী, বালুখালী ও পালংখালীসহ বিভিন্ন বাজারে শিকার করা পাখি বিক্রির চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে শিকার বন্ধে বনবিভাগের কার্যকর অভিযান ও বাজারগুলোতে নজরদারির দাবি জানানো হয়।
সংবাদ প্রকাশের পরদিনই মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়। ধ্বংস করা হয় প্রায় ৫ হাজার কৃত্রিম বক এবং পাখি শিকারের শতাধিক ঘর। শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার করা আটটি জীবিত বক পরে উখিয়া রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের কর্মীরা অংশ নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অতিথি পাখি সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে শুধু শিকারের ফাঁদ ও আস্তানা ধ্বংস করেই অভিযান শেষ না করে পাখি শিকারিদের শনাক্ত, বাজারে পাখি বিক্রি বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

পাঠকের মতামত