
নিউজ ডেস্ক;;
ইয়াবা ব্যবসায় জড়িত চট্টগ্রাম রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার দেশের বিমানবন্দর ও স্থলবন্দর ব্যবহার করে যাতে দেশ ছাড়তে না পারে, সেজন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বাবলু খন্দকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আর তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অন্যদিকে গ্রেপ্তার সিদ্দিকুরকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে গত শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে ১০ হাজার ইয়াবা, ৮০ হাজার টাকা ও মোটর সাইকেলসহ নগর পুলিশের বন্দর বিভাগের এসআই সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। র্যাব ও কাউন্টার টেররিজমের যৌথ অভিযানে গ্রেপ্তার সিদ্দিকুরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এসব ইয়াবা রেলওয়ে থানার আরেক টিএসআই বাবলু খন্দকারের এক লোক তাকে বিক্রির জন্য দিয়েছেন।
ঘটনার পর থেকে পলাতক বাবলু খন্দকারসহ তিনজনের নামে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় অন্য দুজন পলাতক থাকলেও সিদ্দিকুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।

পাঠকের মতামত