প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৮:৪৯ এএম

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, শুক্রবার পর্যন্ত সাগরে বিরূপ আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকতে পারে। এ সময়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী হতে পারে। শুক্রবারের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার আশা রয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের গতিপথ ও প্রভাবের পূর্বাভাস সব সময় শতভাগ নির্ভুল হয় না। পূর্বাভাসের সঙ্গে বাস্তব পরিস্থিতির পাঁচ থেকে ছয় ঘণ্টা পর্যন্ত পার্থক্য দেখা দিতে পারে। ঘূর্ণিঝড় সাগর থেকে সরে যাওয়ার পরও সমুদ্র কিছু সময় অস্থিতিশীল থাকতে পারে। সে ক্ষেত্রে সতর্কসংকেতের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হতে পারে।

আব্দুল হান্নান জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পর্যটকবাহী জাহাজ চলাচল নিরাপদ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল স্বাক্ষরিত এক নৌ-বিজ্ঞপ্তিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথসহ সংশ্লিষ্ট সব নৌপথে পর্যটকবাহী নৌযানসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ছাড়াও চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথ রয়েছে।

নয়ন শীল বলেন, আপাতত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আপাতত এ নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ৩ নম্বর সতর্কসংকেত প্রত্যাহারের পর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

টিকিটের টাকা ফেরত নিতে পারবেন পর্যটকেরা

জাহাজ চলাচল বন্ধ থাকায় ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এটি সম্পূর্ণ প্রকৃতিনির্ভর বিষয়। এখানে কারও কিছু করার নেই। তাই পর্যটকদের ধৈর্য ধরে পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত পর্যটকদের সেন্টমার্টিনে নেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, যেসব পর্যটক বৃহস্পতিবারের জাহাজের টিকিট বুকিং দিয়েছেন, তারা চাইলে পরশু ভ্রমণ করতে পারবেন। আর যারা নির্ধারিত দিনে ভ্রমণে যেতে পারবেন না, তারা টিকিট বাতিল করে নিজ নিজ এজেন্টের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগর

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...