
সংবাদ বিজ্ঞপ্তি::
যানজট ও দুর্ঘটনা রোধে উখিয়া-টেকনাফ অাঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন অাক্তার। তিনি সোমবার জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি অাবদুল হামিদের ভাষনের উপর আলোচনায় এসব কথা বলেন। তিনি অারো বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গা ও টেকনাফ স্থলবন্দরের কারনে প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সড়কে চলাচল করছে। যার ফলে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। তাই দ্রুত সম্ভব এই সড়কটি সংস্কার ও ৪ লেনে উন্নীত করনে তিনি সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি অাকর্ষন করেন। তিনি অারো বলেন, সীমান্ত এলাকা টেকনাফের মাদকের একটি বদনাম রয়েছে। এই দুর্নাম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপকে তিনি স্বাগত জানান। মাদক ও চোরাচালান বন্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অাহবান জানান। এমপি শাহীন অাক্তার বলেন, উখিয়ার একমাত্র অনার্স চালু হওয়া কলেজ উখিয়া কলেজকে সরকারীকরণ ও দুই উপজেলার ৪ টি বিদ্যালয় এমপিও ভুক্ত করনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। এছাড়াও উখিয়ার বেশ কয়েকটি নতুন রাস্তা নির্মানেরও দাবী জানান তিনি। অপরদিকে টেকনাফের শাহপরীরদ্বীপ বেঁড়িবাধটি স্থায়ীভাবে নির্মানের জন্য পানি সম্পদ মন্ত্রীর কাছে দাবী জানান। পর্যটন এলাকা হিসেবে টেকনাফের অারো উন্নয়নের প্রস্তাব রাখেন। এমপি শাহীন আক্তার বক্তব্যের শুরুতে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে নির্বাচনের সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি উখিয়া-টেকনাফের জনগনকেও তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান।

পাঠকের মতামত