ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ৭:৫৪ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিবন্ধন সহকারী মো. ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

জেলা প্রশাসক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়ার অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

জেলা প্রশাসনের ওই আদেশে আরও বলা হয়, গত ১২ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) প্রেরিত তদন্ত প্রতিবেদনে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। তার এ কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শামিল। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময় ইসমাইল হোসেন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়ার অভিযোগে এর আগে ইসমাইল হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে এ ঘটনায় তিনি প্রায় সাত মাস কারাগারে ছিলেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তার বিরুদ্ধে ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন সাধারণ মানুষকে হয়রানি করতেন এবং অতিরিক্ত অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. ইসমাইল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার এশিয়া পোস্টকে জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer